ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ১৮৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ৩৫ ওভারে ১২৪ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ নারী দলের ইনিংস। তাতে ৬০ রানে জয় পায় বাংলাদেশ।
সেন্ট কিটসে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। বাংলাদেশের ওপেনিং জুটি থেকে আসে ৩৪ রান। এরপর দ্রুত ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে টাইগ্রেসরা। তবে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা।
প্রথমে সোভাহানা মোস্তারির সঙ্গে গড়েন ৫১ রানের জুটি। এরপর স্বর্ণা আক্তারের সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যান। আলিয়ার বলে আউট হওয়ার আগে টাইগ্রেস অধিনায়ক ১২০ বলে করেন ৬৮ রান। এছাড়াও সোভাহানা মোস্তারির ব্যাট থেকে আসে ২৩ রান। আর স্বর্ণা আক্তার করেন ২৯ বলে ২১ রান।
অন্যরা বলার মতো রান করতে পারেননি। ইনিংসের ৭ বল বাকি থাকতেই ১৮৪ রানে অলআউট হয় তারা। ক্যারিবীয়দের হয়ে ৩ উইকেট পেয়েছেন আলিয়াহ আলেইন।
প্রথম ওয়ানডেতে ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে এবার ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ বোলারদের বোলিং তোপে ১২৪ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২৮ রান আসে শেমাইন ক্যাম্পবেলের ব্যাট থেকে। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার ৩ উইকেট পেয়েছেন ৩১ রান খরচায়। আর দুইটি করে উইকেট পেয়েছেন মারুফা আক্তার, রাবেয়া খান এবং ফাহিমা খাতুন। সিরিজ নির্ধারণি তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে একই মাঠে ২৪ জানুয়ারি। সেই ম্যাচ জিততে পারলে সিরিজ জয়ের পাশাপাশি ২০২৫ সালের বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা থাকবে বাংলাদেশের।





















