২০২৫ সাল থেকে মাধ্যমিকে আবারও বিজ্ঞান বাণিজ্য ও মানবিক বিভাগ চালু হবে
দীর্ঘ একযুগেরও বেশি সময় আগের শিক্ষাক্রম অনুযায়ী আগামী বছর থেকে আবারে মাধ্যমিক শিক্ষায় বিভাগ বিভাজন শুরু হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। ২০২৫ সাল থেকে পুনরায় নবম ও দশম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ইত্যাদি শাখা) বিভাজন চালু হবে। এ জন্য শিক্ষার্থীদের সুবিধার্থে এক বছরের সংক্ষিপ্ত পাঠ্যসূচী প্রণয়ন করা হবে। আর পূর্ণাঙ্গ পাঠ্যসূচীতে পরীক্ষা হবে ২০২৭ সাল থেকে।
গত আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরপরই নতুন শিক্ষাক্রমের পরিবর্তে পুরোনো শিক্ষাক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। এখন তা আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সিদ্ধান্তের আলোকে মাউশি তাদের ওয়েবসাইটে এ কথা জানিয়েছে।
গত বছরের নির্দেশনার কথা উল্লেখ করে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন থাকবে না বলে আওয়ামীলীগ সরকার যে নির্দেশনা জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু গত ১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা (২০২৬ সালে অনুষ্ঠিত হওয়ার কথা) ২০১২ সালের জাতীয় শিক্ষাক্রমের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাজন অব্যাহত থাকবে। এ লক্ষ্যে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যে শিখন কার্যক্রম শেষ করতে পারে।
উল্লেখ্য, বর্তমানে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী বিভাগ বিভাজন করতে হয়নি। সবাইকে অভিন্ন বিষয় পড়তে হচ্ছে। কিন্তু এখন যেহেতু নবম শ্রেণির শিক্ষাবর্ষ প্রায় শেষের দিকে, তাই দশম শ্রেণিতে গিয়ে তাদের বিভাগ বিভাজন হবে। এ ছাড়া ২০২৫ শিক্ষাবর্ষে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ধারার নবম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের আগের মতো অর্থাৎ ২০২৩ সালের মতো শাখা বিভাজন হবে। এ ক্ষেত্রে পূর্ণাঙ্গ পাঠ্যসূচির ভিত্তিতে ২০২৭ সালে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।





















